আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ আগস্ট: শুক্রবার কাঁচরাপাড়া হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্র ছাত্রীদের অভিভাবকরা। ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁচরাপারা হার্নেট স্কুলের সামনে।
লক ডাউনের ফলে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রয়েছে।কাঁচরাপাড়া হারনেট স্কুলটিও বন্ধ রয়েছে। কিন্তু অভিযোগ, স্কুল চালু না থাকেলও স্কুলের ফি বাড়ানোর নোটিশ দেওয়া হয়েছে। এমন কি স্কুলের ফি সংক্রান্ত মামলা নিয়ে আদালতের রায়কে এই স্কুল কর্তৃপক্ষ বুড়ো আঙ্গুল দেখাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন অভিভাবকরা। তাদের দাবি, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সাথে কোনও মিটিং করে না নিজেদের মনমত ফি বৃদ্ধি করেছে। এমনকি লকডাউনের ফলে স্কুল বন্ধ থাকা সত্ত্বেও
বৈদ্যুতিক বিলের মত ফি স্কুল কর্তৃপক্ষ নিচ্ছেন বলে দাবি অভিভাবকদের। তাদের অভিযোগ, এই সমস্ত বিষয়গুলি বারবার স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা অভিভাবকদের কথায় কর্ণপাত করেনি তাই বাধ্য হয়ে অভিভাবকরা এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান।

এদিন বিক্ষোভ অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় বীজপুর থানার পুলিশ। এরপর দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সাথে কথা বলে বীজপুর থানার পুলিশ। অবশেষে পুলিশ অভিভাবকদের বোঝাতে সফল হলে বিক্ষোভ প্রত্যাহার করে অভিভাবকরা।
তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করলে মহরম উপলক্ষ্যে ছুটির কারণে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

