পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: স্বামী- স্ত্রী যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো মেদিনীপুর শহর সংলগ্ন রাঙ্গামাটি এলাকার গোপগড় ইকোপার্ক এক নম্বর গেটের বাইরে। বুধবার সন্ধ্যায় টহলরত পুলিশ হঠাৎই দেখতে পায় একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে এক ব্যক্তি এবং এক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোপগড় রেঞ্জের বিট অফিসার মলয় নন্দী সহ অন্যান্য বন আধিকারিকরা। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জানা গেছে, যারা মারা গেছে তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। মেদিনীপুর শহরের পানপাড়া এলাকার বাসিন্দা পিন্টু দাস সেলস মার্কেটিং- এর কাজ করতো। তার স্ত্রী মধুমিতা দাস গৃহবধূ ছিল। তাদের দুটি সন্তান রয়েছে। একজনের বয়স সাত বছর আরেকজনের বয়স ৬ বছর। তবে কী কারণে তারা আত্মহত্যা করল সে বিষয়ে কোনো কিছু স্পষ্ট নয়। খবর পেয়েই হাসপাতালে ভিড় জমান পানপাড়া এলাকার বাসিন্দারা। হাসপাতালে যান স্থানীয় কাউন্সিলর মোজাম্মেল হোসেন। তিনি বলেন, পিন্টু দাস বাজার থেকে প্রচুর ঋণ নিয়েছিলেন। সেই জন্যই ঋণগ্রস্ত হওয়ার কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

