বাবা মাকে মারধর ও ১০ বছরের বালকের গলায় ধারালো ছুরির কোপ, আতঙ্কে গাংনাপুরের অসহায় পরিবার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত,নদিয়া, ১৮ জুন: রাস্তার পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রতিবাদ করায় মা বাবা মারধর এবং এক ১০ বছরের বালককে ধারালো ছুরি দিয়ে গলায় কোপ। ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানার আইশমালী পুরাতন পাড়ায়।

ঘটনার বিবরণে জানা গেছে, গৌতম ওরফে সমীর ভৌমিক নামে এক ব্যক্তি বাড়ি লাগোয়া রাস্তার পাশে বেআইনীভাবে পাঁচিল দিচ্ছিলেন। গ্রামের প্রতিবেশীরা সকলেই গৌতম ভৌমিককে বাধা দেয়। গৌতম তা না শুনে তার দলবল নিয়ে কিশোরের বাবা নরোত্তম বিশাস, মা পুজা বিশাসের উপর চড়াও হয়। রাতে ওই ১০ বছরের বালক নিরঞ্জন বিশ্বাস তার দাদুর সাথে বাজার থেকে ফেরার পথে গৌতম কুন্ডু ওই বালককে ধারালো ছুরি দিয়ে গলায় কোপ মারে।

আহত ওই বালককে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তার শরীরের অবস্থার অবনতি হওয়ায় আজ রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, তার মাথাতেও চোট লেগেছে, স্ক্যান করাতে হবে।

এই পাঁচিল তোলাকে কেন্দ্র করে এর আগেও একটি মামলা দায়ের হয়েছিল তারই প্রেক্ষিতে এই হামলা বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। আজ স্থানীয় থানায় এবং রানাঘাট আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিত ওই পরিবারের সদস্যরা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবী তোলেন ওই কিশোরের বাবা মা। এই ঘটনায় ওই এলাকার দাপুটে ব্যক্তি গৌতম ভৌমিক এবং তার দলবলের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন নরত্তোমবাবু ও তার পরিবারের সদস্যরা। এক কথায় নিরাপত্তা হীনতায় ভুগছেন ঐ পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *