অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ এপ্রিল: গোপীবল্লভপুরে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন করল রাম নবমী উদযাপন কমিটি। এদিন কমিটির গোপীবল্লভপুর ১ এবং ২ নম্বর ব্লক শাখার পক্ষ থেকে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের রান্টুয়া বাজার থেকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ছাতিনাশোল বজরংবলি মন্দির হয়ে হাতিবাড়ি পর্যন্ত বাইক শোভাযাত্রা করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্বপন রথ, সমরায় মুর্মু, সুমন্ত মহান্তি, অনুরন সেনাপতির মতো দুই ব্লকের রাম নবমী উদযাপন কমিটি সদস্যরা। শোভাযাত্রার পথে মাঝে মাঝে কমিটির সদস্যরা অস্ত্র হাতে হিন্দুত্বের শৌর্য প্রদর্শন করেন।

এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে রাম নবমী কমিটির সদস্য স্বপন রথ বলেন, শুধু বাংলায় নয় দেশব্যাপী যে অরাজকতা চলছে তাতে এই বিশেষ দিনে ভগবান রামের নামে হিন্দু সম্প্রদায়ের ঐক্যের শপথ নিতে এই কর্মসূচি। অন্যদিকে সমরায় মুর্মু বলেন, আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমাদের কাছে মারাং বুরু আরাধ্য। তবে ভগবান রামের যে তীরধনুক অস্ত্র সেই একই অস্ত্র মারাংবুরুরও। তাই শান্তি ও ঐক্য স্থাপনের জন্য একেশ্বরবাদে বিশ্বাস করেও এই শোভাযাত্রায় অংশ নিয়েছি।

