পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১৪ আগস্ট: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে ২০২৩-২৪ সালের ট্যারিফ অনুযায়ী সম্প্রতি গৃহস্থ, বাণিজ্যিক, কৃষি, ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ তিনগুন ও ডিস-কানেকশন, রি- কানেকশন চার্জ এক ধাক্কায় ১০০ টাকা থেকে ৫০০ টাকা করা হয়েছে। ফলস্বরূপ সর্বস্তরের গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওই সিদ্ধান্তের প্রতিবাদে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র পাঁশকুড়া জোনাল কমিটির আহ্বানে বিদ্যুৎ দপ্তরের পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারের অফিসে ঘেরাও বিক্ষোভে সামিল হন বিদ্যুৎ গ্রাহকরা। সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা কমিটির নেতা নারায়ণ চন্দ্র নায়ক। চার্জ বৃদ্ধির প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন অসিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের জোনাল নেতৃত্ব অসিত রায়, বিভূতি সামন্ত, নন্দ মাইতি প্রমুখ। প্রায় দু’ ঘন্টা ঘেরাও বিক্ষোভের পর স্টেশন ম্যানেজার দীপঙ্কর বিশ্বাস ডেপুটেশনের স্মারকলিপি গ্রহণ করেন। উনি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।
সংগঠনের জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক বলেন, গৃহস্থ গ্রাহকদের মিনিমাম চার্জ আগে ছিল ২৮ টাকা প্রতি কে.ভি.এ। যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা প্রতি কে.ভি.এ। ঠিক একইরকমভাবে ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ক্ষেত্রে পূর্বে ছিল শূন্য টাকা, যা এখন হয়েছে ২০০ টাকা। বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে পূর্বে ছিল ৪০ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা। গ্রাহক স্বার্থ বিরোধী এই নীতির বিরুদ্ধে সর্বস্তরের গ্রাহকদের আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

