দফায় দফায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পানিহাটি, আক্রান্ত যুবনেতা জয় সাহা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ জানুয়ারি: শনিবার রাতে পানিহাটির বিবিবাগান ধানকল মোড়ে বিজেপি তৃণমূল সংঘর্ষ হয়। বিজেপি নেতার সোনার দোকান ভাঙ্গচুর করা হয়। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন বিজেপি নেতা জয় সাহা। তাঁকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার তিন ঘন্টার মধ্যেই মধ্যরাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে চলল দুষ্কৃতীদের বোমাবাজি। যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা রাত চলে পুলিশি টহল। মোতায়েন রয়েছে পুলিশ।

গতকাল সন্ধ্যারাতে বি বি বাগান অঞ্চলে বিজেপির বর্ষীয়ান নেতা মহাদেব বসাকের সোনার দোকানে ভাঙ্গচুর চালানো অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলার যুব সম্পাদক জয় সাহা। যায় খড়দা থানা পুলিশ। পুলিশি তদন্ত চলাকালীন ঘটনাস্থলে আসেন বেশ কিছু তৃণমূল কর্মী। এরপরই তারা জয় সাহার সঙ্গে বাদানুবাদ ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জয় সাহা কে মারধর করে বলে অভিযোগ। মারধর করা হয় তার সঙ্গী সাথীদের। ভাঙ্গচুর করা হয় তার গাড়ি। তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা অঞ্চলজুড়ে।

জয় সাহার অভিযোগ, পুরো ঘটনাটি পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী। এভাবেই গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এটা বেশিদিন চলতে পারে না। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে খড়দহ থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

আর এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে চলে বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *