কুখ্যাত দুষ্কৃতিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়ালো চুঁচুড়া সদর হাসপাতালের জরুরি বিভাগে

আমাদের ভারত, হুগলি, ৬ অগস্ট: হাসপাতালে ব্যস্ততম জায়গায় কুক্ষ্যাত দুষ্কৃতি টোটন বিশ্বাসকে লক্ষ করে গুলি চলানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া সদর হাসপাতালের জরুরি বিভাগের কাছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে টোটন বিশ্বাস নামে ওই কুক্ষ্যাত দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন চুঁচুড়া থানার বিরাট পুলিশ বাহিনী সহ চন্দননগরের পুলিশ কমিশনার। দিনে দুপুরে ব্যস্ততম হাসপাতাল চত্ত্বরে বহু রোগীর উপস্থিতিতে এহেন গুলি চালানোর ঘটনায় কমিশনারেটের পুলিশি নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠে গেল।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে চুঁচুড়া কোর্টে হাজির করার আগে বেশ কয়েকজন দুষ্কৃতীকে চুঁচুড়া হাসপাতালে মেডিক্যাল টেষ্ট করার জন্যে আনা হয়। এদের সঙ্গেই ছিল কুক্ষ্যাত দুষ্কৃতী টোটোন বিশ্বাস ও সঞ্জয় হালদার ওরফে বিসপাই। হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের হতেই উল্টোদিক থেকে টোটনের বিরোধী গোষ্ঠীর লোকজন টোটোনকে লক্ষ্য করে গুলি চালায়। সেই সময়ে টোটোন দৌড়ে প্রিজন ভ্যানে উঠে পড়ে।

হাসপাতালে হাজির রোগীর আত্নীয়পরিজনদের অভিযোগ, ওই সময়ে হাসপাতালে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে গুলি চলল। দুষ্কৃতীদের ওই গুলি চালানোর ঘটনায় হাসপাতালে উপস্থিত যে কোনও মানুষের বুকেই সেটা লাগতে পারতো। ঘটনার খবর পেয়ে হাসপাতালের আনাচে কানাচে টোটোন অনুগামীরা ভিড় করতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের ভিতরে থাকা রোগী ও তাদের পরিজনরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টোটনের পেটে একটি গুলি লেগেছে। হাসপাতালে ওর চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *