পাণ্ডবেশ্বরে খেলার মাঠে ধস, আতঙ্ক 

জয় লাহা, দুর্গাপুর, ১৯ অক্টোবর: সাত সকালে খেলার মাঠে ধস। আর তার জেরে আতঙ্ক ছড়াল এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম ফুটবল মাঠে। বড়সড় দুর্ঘটনা এড়াতে মাঠের চারপাশে ঘিরে দেওয়া হয়েছে।

ঘটনায় জানা গেছে, সোমবার সকালে নবগ্রাম ফুটবল মাঠে ধস নামে। মাঠের মাঝে বেশ কিছুটা মাটি বসে যায়। ধসের খবর চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসিএলের বাঁকোলা কোলিয়ারির আধিকারিক ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ। গোটা এলাকাটি ঘিরে দেয়। ধসের জায়গাটিতে মাটি ভরাট করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, “দুর্গাপুজোর কয়েকদিন আগে নবগ্রাম মাঠ সংলগ্ন পঙ্খা ধাওড়া যাওয়ার রাস্তা ধসের কারণে বসে যায়। মাটির তলা থেকে অবৈজ্ঞানিক ভাবে কয়লা কাটার ফলে বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি এলাকাবাসীর।”

বাসিন্দারা জানান, “নবগ্রামে একমাত্র খেলার মাঠ। এই মাঠে খেলাধূলার পাশাপাশি সর্বজনীন দুর্গাপুজো হয়। কয়েকদিন আগেই মাঠের যে জায়গাটিতে মণ্ডপ তৈরি করা হয়েছিল সেখানেই এদিন ধসের ঘটনাটি ঘটে। কয়েকদিন আগে ধস নামলে বড়সড় দুর্ঘটনা ঘটত।”

যদিও ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ধসের জায়গাটি মাট ভরাট করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *