স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ আগস্ট:
পাটকাঠি রাখাকে কেন্দ্র করে এক বৃদ্ধার আঙ্গুল কেটে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা। ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টেংরি ডাঙ্গা এলাকায়।

অভিযোগ, গতকাল সন্ধ্যা নাগাদ ওই এলাকার বাসিন্দা ষাটোর্ধ মাফুজা বিবির বাড়ির সামনে পাটকাঠি রাখতে গিয়েছিলেন চার পাঁচ জন ব্যক্তি। তখন পাটকাঠি রাখতে নিষেধ করেন মাফুজা বিবি, নিষেধ করাতেই শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ এরপরেই একদল দুষ্কৃতী এসে মাফুজা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপ মারে। অভিযোগ, ঘটনাস্থলে গয়েশপুর পঞ্চায়েত প্রধানের স্বামী আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এরপর মাফুজা বিবিকে গুরুতর আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন। বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন মাফুজা বিবি।

আহত মাফুজা বিবির অভিযোগ, পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বেই দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায়। পুরো ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধানের স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মাফুজা বিবির পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
যদিও এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান শাকিলা বিবি ও তার স্বামী আমিরুল ইসলাম কোনও রকম প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।

