মেদিনীপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনে পঞ্চায়েত প্রস্তুতির ডাক 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ অক্টোবর: রবিবার মেদিনীপুরে তৃণমূলের বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকে দলকে শক্তিশালী করার আহ্বান জানান মন্ত্রী ও নেতারা। রবিবার শহরের জেলা পরিষদ হলে মেদিনীপুরের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরার ডাকে বিজয়া সম্মেলনী হয়। মন্ত্রী মানস ভুঁইঞা, শ্রীকান্ত মাহাতো, বিধায়ক অজিত মাইতি, দীনেন রায়, জুন মালিয়া, উত্তরা সিংহ, বিক্রম প্রধান, সূর্য অট্ট, প্রাক্তন বিধায়ক আশিষ চক্রবর্তি, প্রদীপ সরকার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, শৈবাল গিরি, মহম্মদ রফিক, সুকুমার পড়্যা, বিশ্বনাথ পাণ্ডব, গোপাল সাহা উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী মানস ভুঁইঞা আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। যুবক যুবতী ও মহিলাদের সঙ্গে নিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজেও নেমে পড়ার পরামর্শ দিয়েছেন নেতা কর্মীদের। গত বিধানসভা নির্বাচনে যেসব বুথে তুলনামূলক খারাপ ফল হয়েছে সেগুলিকে টার্গেট করে এগিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। অন্যান্য বক্তারাও বলেন, আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রধান মুখ হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। সুতরাং আত্মসন্তুষ্টিতে না ভুগে প্রত্যেককেই জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *