আমাদের ভারত, ২৩ ফেব্রুয়ারি: ২৬- এর বাংলার ভোটকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। সেই লক্ষ্যেই ১ মার্চ থেকে পরিবর্তন যাত্রা বা রথযাত্রা শুরু হচ্ছে বিজেপির। ঐদিন রাজ্যের একাধিক জায়গা থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে। এই কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছে পদ্ম শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে শুরু হবে পরিবর্তন যাত্রা।
রাজ্যের নয় প্রান্ত থেকে এই যাত্রার সূচনায় দিল্লি থেকে আসছেন নয় কেন্দ্রীয় নেতা। সেই নবরত্ন সমাবেশেই পরিবর্তন যাত্রা সংগঠিত হবে বাংলায়। এর একটাই লক্ষ্য, বাংলায় বিজেপির সরকার গঠন। সোমবার দুপুরে রাজ্যবাসীকে চিঠি পাঠিয়ে বিজেপিকে জেতানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারপরই সামনে এসেছে নয় বিজেপি নেতার আগমন সূচি।
বঙ্গ বিজেপির তরফে পাওয়া সুচি অনুযায়ী ১ মার্চ থেকে শুরু হবে পরিবর্তন যাত্রা। ঐদিন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে থাকবেন অমিত শাহ। রায়দিঘি ছাড়াও পরিবর্তন যাত্রা শুরু হওয়ার কথা কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি গড়বেতা থেকে। পরদিন সন্দেশখালি থেকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে শুরু হবে যাত্রা। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই যাত্রা সংঘটিত হবে।
বাংলায় বিজেপির রথযাত্রায় সামিল হতে চলেছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশ।
২৬- এর ভোটে জিততে এই পরিবর্তন যাত্রা কতটা ফলপ্রসূ হবে তার জন্য অপেক্ষা করতে হবে ভোটের ফল প্রকাশ পর্যন্ত। তবে যাত্রার ফলে নিচুর স্তরের বহু কর্মী সাংগঠনের কাজের সঙ্গে আরো সক্রিয়তার সঙ্গে যুক্ত হবে বলে মনে করছেন দলের নেতৃত্ব। রাজ্য বিজেপির পর্যবেক্ষক হিসেবে দুই কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ঘন ঘন রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সংগঠনকে শক্তিশালী করায় জোর দিচ্ছেন। এবার দলের মন্ডল সংগঠনকে সক্রিয় করে তুলে এই পরিবর্তন যাত্রা ভোট ময়দানে বঙ্গ বিজেপির কতটা সহায়ক হয় তা বোঝা যাবে ভোটের ফল প্রকাশের পর।

