শলপে ধাবার মালিককে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের

আমাদের ভারত, হাওড়া, ৭ আগস্ট: ধাবায় ঢুকে খাবারের দাম নিয়ে বচসার জেরে কর্মীদের মারধরের পাশাপাশি মালিককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির বিরুদ্ধে। ধাবার মালিক স্বপন দাস আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

জানাগেছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ৪ জন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ৬ নং জাতীয় সড়কে শলপ মোড়ে একটি ধাবায় ঢোকে। সেখানে খাবারের দাম নিয়ে কর্মীদের সঙ্গে বচসা বাধে দুষ্কৃতীদের। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা ফোনে আরো কয়েকজনকে ডেকে নিলে তারা এসে ধাবায় ব্যাপক ভাঙ্গচুর চালায় এবং কর্মীদের মারধর করে খাবার ফেলে দেয়। ঘটনার সময় ধাবার মালিক দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। পরে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত স্বপন দাসকে হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে। কি কারণে দুষ্কৃতীরা ধাবায় হামলা চালিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। এদিকে এই ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *