রাতভর বৃষ্টি, জলমগ্ন জলপাইগুড়ি শহর

ছবি: টোটোতেই আশ্রয় নিয়েছে মানুষ।আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ জুন: রাতভর বৃষ্টি, জলমগ্ন জলপাইগুড়ি শহরের অধিকাংশ ওয়ার্ড। বিপাকে পড়লেন সাধারণ মানুষ। এমনকী ত্রিপল দিয়ে টোটো ঘিরে সেখানেই দিন কাটাচ্ছেন টোটো চালকরা।

প্রতিবছর পুর কর্তৃপক্ষের আশ্বাস দেওয়ার পরেও আজও জল নিকাশি ব্যবস্থার উন্নতি হয়নি বলে অভিযোগ শহরবাসীর। এরই মধ্যে পুরকর্তৃপক্ষের অপরিকল্পিত ভাবে নর্দমা নির্মাণ ও গ্রিন সিটির প্রকল্পকে দায়ী করল শহরবাসীরা। জল নিকাশির স্থায়ী সমস্যা সমাধানের দিকে তাকিয়ে সকলে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত জলপাইগুড়ি শহরে বৃষ্টিপাত হয়েছে ২০৮.০০ মিলিমিটার। অন্যদিকে সোমবার শহরে ১৮৫.৪০ মিলিমিটার হয়। এর জেরে জলমগ্ন শহরের পান্ডা পাড়া, নিউটাউন পাড়া, মহামায়া পাড়া, স্টেশন রোড, অরবিন্দ নগর, বামন পাড়া, জয়ন্তি পাড়া, আশ্রম পাড়া সহ বিভিন্ন এলাকা। কদমতলায়ও জল জমে যায়। সকাল থেকেই কেউ বাড়িতে কাটালেন আবার অনেকে কোমর জল ডিঙিয়ে কর্মস্থলে পৌঁছে গেলেন।

অন্যদিকে সদর করলা, যমুনা, পাঙ্গা, রুকরুকা, ধরাধরা, তিস্তা নদীর জল বেড়েছে। নদী পাড়ের বাসিন্দারা উচুঁ জায়গায় আশ্রয় নিয়েছেন। করলা নদীর পাড়ের অধিকাংশ বাড়ি জলের তলায়। বাসিন্দারা জানায়, উপায় নেই কি করবো, উচু জায়গায় আশ্রয় নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *