রাতভর বৃষ্টিতে গাছ ভেঙ্গে পড়ে রাস্তা বন্ধ জলপাইগুড়ি শহরে, সমস্যায় এলাকাবাসী

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ জুন: রাতভর বৃষ্টির জেরে জলপাইগুড়ি শান্তি পাড়ার রাস্তায় ভেঙ্গে পড়ল বট পাকুরের পুরোনো গাছ। রাত থেকে রাস্তা বন্ধ, ভোর থেকে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিস্কারের কাজ শুরু করল পূর্ত দফতর, পুরসভা। স্থানীয় কাউন্সিলর পোষালি দাস ঘটনাস্থলে আসেন।

স্থানীয়রা জানায়, শান্তিপাড়া থেকে বেগুনটারির দিকে যেতেই শান্তিপাড়া কালী মন্দিরের সামনে গাছ ভেঙ্গে পড়ে রাস্তায়। বিদ্যুতের তার ছিড়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন হয়ে আছে। রাস্তা বন্ধ থাকায় সকাল থেকে প্রচুর মানুষ বিপাকে পরেন। বিকল্প রাস্তা দিয়ে ঘুর পথে যাতায়াত করছেন সকলে। সমস্যায় পড়ে সকালের স্কুলের পড়ুয়ারা।

স্থানীয়দের দাবি, পুরোনো বট পাকুরের গাছ। গাছের গোড়ায় মাটি ছিল না। লাগাতার ভারী বৃষ্টি ও ঝড় হওয়ায় গাছ ভেঙ্গে যায় রাত বারোটা নাগাদ। বুধবার সকাল থেকে যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়। কারণ এই রাস্তা দিয়ে বাস থেকে শুরু করে বড় গাড়ি যাতায়াত করে। আজ সকাল ৯টা নাগাদ রাস্তার একাংশ পরিস্কার করে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয় পুরসভা ও পূর্ত দফতরের উদ্যোগে। কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা সুকুমার কর্মকার বলেন, “রাতে গাছ ভেঙ্গে পড়ে। এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। আরও আগে কাজ শুরু হওয়া দরকার ছিল।” এক টোটো চালক টুটুল রায় বলেন, “স্কুল রয়েছে, গাছ পড়ে রাস্তা বন্ধ। সমস্যা পড়লেন সকলে।” এদিকে ২৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর পৌষালি দাস বলেন, “যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। দ্রুত রাস্তা খুলে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *