অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ জানুয়ারি:
দলের জেলা কমিটির নতুন পদাধিকারীদের নাম ঘোষণায় ক্ষোভে ফুঁসছে ঝাড়গ্ৰাম জেলা বিজেপি।জেলা সভাপতির বিরুদ্ধে পক্ষপাত দুষ্টু সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে বন্ধ হল দলের মন্ডল কমিটির গুরুত্বপূর্ণ কার্যালয়। খুলে নেওয়া হল কার্যালয়ের ভেতরে বাইরে থাকা বিজেপির যাবতীয় হোর্ডিং, ফেস্টুন। কর্মীদের এহেন কার্যকলাপকে সরাসরি সমর্থন করলেন খোদ মন্ডল সভাপতি। ঘটনা বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির।
জানা গেছে, গতকাল অর্থাৎ বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলার সঙ্গে ঝাড়গ্ৰাম জেলা বিজেপির পদাধিকারী ঘোষণার পর বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির কর্মীরা ক্ষোভে দলের কার্যালয় নিজেরাই বন্ধ করেছেন। বিজেপি সুত্রে খবর, বুধবার দলের রাজ্য সহ সভাপতি সমিত কুমার দাসের উপস্থিতিতে ঝাড়গ্ৰাম জেলা সভাপতি তুফান মাহাত মোট ২৩ জন জেলা পদাধিকারীর নাম ঘোষণা করেছেন। তার মধ্যে সাত জন জেলা সহ-সভাপতি, তিন জন সাধারণ সম্পাদক, একজন করে সম্পাদক এবং অফিস সম্পাদক নির্বাচিত হয়েছেন। কিন্তু নতুন এই পদাধিকারী কমিটিতে স্থান পাননি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুখময় সৎপথি, সাধারণ সম্পাদক অবনী ঘোষ, সঞ্জীব মাহাত। আর বিজেপির জেলা সভাপতি তুফান মাহাত এই কমিটি ঘোষণার পর গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির কর্মীরা রীতিমত ক্ষোভে দলের ফানিয়ামারা কার্যালয়ের সমস্ত দলীয় হোর্ডিং, ফেস্টুন খুলে ফেলেন। তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কার্যালয়।
কর্মীদের এহেন কার্যকলাপকে সরাসরি সমর্থন করে বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির সভাপতি সমরায় মুর্মু বলেন, জেলা সভাপতি একচেটিয়া নাম ঘোষণা করেছেন। এই লিস্ট আমাদের দলের যুব মোর্চা সমেত সমস্ত মোর্চার কর্মীরা কিছুতেই মানতে পারছেন না। তবে অন্য দলে যাবেন কিনা তা স্পষ্ট করে না বললেও সমরায় মুর্মু বলেন, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য গোপীবল্লভপুরের বিজেপি কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেন খোদ বিজেপির মন্ডল সভাপতি।

