পান্ডবেশ্বরের কুমারডিহিতে ডায়রিয়ার প্রকোপ

জয় লাহা, দুর্গাপুর, ১৪ জুন: করোনার মারণ কামড়ের মাঝে ডায়েরিয়ার প্রকোপ। বর্ষার শুরুতেই ডায়েরিয়ার প্রকোপ পান্ডবেশ্বরের কুমারডিহির বাগদিপাড়ায়। গত তিন দিন ধরে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে প্রায় কুড়ি জন শিশু ও বয়স্ক মিলে ডায়েরিয়ায় আক্রান্ত। এখনও পর্যন্ত সাত জন খাঁদরা উখড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। এছাড়াও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 

জানা গেছে, ওই এলাকায় প্রায় শ’খানেক পরিবারের বসবাস। পানীয় জলের উৎস কুয়ো। গ্রামবাসীদের অনুমান কুয়োর জল কোনওভাবে দুষিত হয়ে গেছে। এদিন খবর পেয়ে গ্রামে পৌঁছান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেন এবং এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করার আশ্বাস দেন। বর্ষার শুরুতে এভাবে ডায়েরিয়ার প্রকোপে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাজি বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে মেডিকেল টিম পাঠানো হবে।” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *