‘ক্লাব টেন্ডার’ এর বিরুদ্ধে গর্জে উঠলেন জনস্বাস্থ্য কারিগরী দফতরের পুরুলিয়ার সংগঠিত ঠিকাদাররা

সাথী দাস, পুরুলিয়া, ১৮ অক্টোবর: ‘ক্লাব টেন্ডার’ এর বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দফতরের সংগঠিত ঠিকাদাররা। রাজ্যজুড়ে আজ এর প্রতিবাদের সঙ্গে নির্বাচন ও খরার সময় করা কাজের বকেয়া টাকার দাবিতে সোচ্চার হন তাঁরা। সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলাতেও এই দাবি জানিয়ে দফতরের জেলা নির্বাহী বাস্তুকারের কার্যালয়ে ‘ধর্ণা সভা’ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে ‘মানভূম পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী বলেন, “ক্লাব টেন্ডার জেলায় জেলায় শুধু নয় দফতরে এর প্রভাব পড়বে। ১০০ কোটি টাকার বেশি বরাত পাওয়ার অর্থ ক্লাব টেন্ডার। এতে রাজ্যের বাইরের রাঘব বোয়ালরা বরাত পাবে। জেলায় ওই ক্রেডেনশিয়াল না থাকার ফলে বহিরাগত বা ভিন রাজ্যের বড় মাপের ঠিকা সংস্থা কাজের বরাত পাবে। আর আমরা কোনও কাজই পাব না। ছোট ঠিকাদার এবং তাঁর কাছে কাজ করা কর্মীরা কাজ হারাবেন। পরিবারগুলি অথৈ জলে পড়ে যাবে। তাই আমরা চাই ক্লাব টেন্ডার জেলায় যেন কার্যকর না হয়। এছাড়া নির্বাচন ও খরার সময় করা কাজের বকেয়া যেন টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হয়।”

এদিন ‘ধর্ণা সভা’র নির্বাহী বাস্তুকারের কাছে স্মারকলিপি দেন সংগঠিত ঠিকাদাররা। দফতরের নির্বাহী বাস্তুকার বলেন, “দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জেলার এই সংক্রান্ত পরিস্থিতি অবশ্যই জানাবো। এছাড়া ‘মানভূম পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ র স্মারকলিপি যথা স্থানে পৌঁছাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *