নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরে কমলা সর্তকতা জারি

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ আগস্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরে সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিম্নচাপের জেরে ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে। সেই কারণেই বিজ্ঞপ্তি প্রকাশ করে কমলা সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আকাশ মেঘে ঢাকা। মাঝে মাঝে হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম ও বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দু’এক জায়গায় ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পরিমাণে কম হলেও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আছে। ২৬ আগস্ট পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। ২৭ আগস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলির নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা আছে বলে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *