আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: শনিবার সন্ধ্যায় মেদিনীপুর পুরসভার শারদ ও মহরম সম্মান অনুষ্ঠানে যোগ দেন বিধানসভার স্পিকার বিমান মুখার্জি।
তিনি জানান, বাংলায় বিরোধী দলকে সবথেকে বেশি যোগ্য সম্মান দেওয়া হয়। তাঁর বিশ্বাস বিরোধীরা সরকারের দুর্বলতা ও ভুল দিক গুলি চিহ্নিত করতে পারেন। এজন্য প্রথম এক ঘন্টার মধ্যে ৭০ শতাংশ সময় তাঁদের বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়।
আক্ষেপের সুরে তিনি জানান, অথচ এরাজ্যে বর্তমানে যাঁরা বিরোধী দলের বিধায়ক তাঁদের দিক থেকে সহযোগিতা সেভাবে পাওয়া যায় না। একমাত্র বিরোধীরাই সরকারের ভুল ত্রুটি আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন। যার থেকে সরকার সেসব সংশোধন করে নিতে পারে।
কলেজের পড়ুয়ারা বিধানসভায় আসেন তাঁরা দেখেন তাঁদের এলাকার বিধায়কের ভূমিকা।
রাজ্যের মুখ্যমন্ত্রীর মানবিক মূল্যবোধের দিক তুলে ধরে কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডারের কথা উল্লেখ করেন। বিমান বাবুর কথায়, মাসে ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে সংসার চলে না। কিন্তু আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে থাকা যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া, পরেশ মুর্মু, অজিত মাইতি, দীনেন রায়, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান।

