অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ মার্চ:
গোপীবল্লভপুরে বিজেপির দলীয় কর্মসূচি এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের একাধিক কর্মসূচিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী আসার আগে থেকে গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের একদল কর্মী। সঙ্গে একই জায়গায় বিজেপি কর্মীরা জড়ো হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। স্বাভাবিকভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপ্রকার হিমসিম খেতে হয় গোপীবল্লভপুর থানার পুলিশ কর্মীদের। শেষে শুভেন্দু অধিকারী হাতিবাড়ি মোড়ে শ্রীপাট গোপীবল্লভপুরের প্রতিষ্ঠাতা রসিকানন্দ মহাপ্রভুর মূর্তিতে মালা দিতে আসার সময় কালো পতাকা দেখিয়ে চোর, চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা বলে শ্লোগান তুলতে থাকেন তৃণমূল কর্মীরা।

পরে শুভেন্দু অধিকারী স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বসানো গোপীবল্লভপুর বাজারের প্রায় ৮৪ টি পথবাতির উদ্বোধন করে একটি বেসরকারি গেষ্ট হাউসে বিজেপির প্রয়াত দুই নেতা নগেন সিং এবং পূর্ণচন্দ্র ঘোষের স্মরণসভায় যোগ দেন। তৃণমূল কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, আমাকে খুঁচাতে গেলে কি হয় এরা ভালোভাবে জানে, এই লক্ষ্মণ শেঠ ও মমতা বন্দোপাধ্যায়। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাই আজ সন্ধ্যায় এসেছি, আগামী কিছুদিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আবার এখানে দিনের বেলায় আসবো। সেদিন হাজারে হাজারে বিজেপি কর্মী সমর্থক নিয়ে এই গোপীবল্লভপুরে মিছিল করব।


