সিবিআইকে লেখা দেবযানীর মায়ের বিস্ফোরক চিঠি নিয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা

আমাদের ভারত, ৮ সেপ্টেম্বর: ফাঁস হয়েছে সারদা কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের একটি চিঠি। সেই বিস্ফোরক চিঠি দেবযানী মুখোপাধ্যায়ের মা লিখেছেন সিবিআইকে। শর্বরী মুখোপাধ্যায়ের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বাম নেতা সুজন চক্রবর্তির বিরুদ্ধে মিথ্যা বলার জন্য তার মেয়ে দেবযানীর উপর চাপ দিচ্ছে সিআইডি। সেই চিঠি নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একুশের নির্বাচনের আগে সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি ফাঁস হয়েছিল। সেই চিঠিতে সুদীপ্ত সেন অভিযোগ করেছিলেন, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তি, বিমান বসু, অধীর চৌধুরীকেও তিনি টাকা দিয়েছেন। তাকে ভয় দেখিয়ে তার থেকে টাকা আদায় করেছেন শুভেন্দু। পরে সেই চিঠি সুদীপ্তর আইনজীবী আদালতে জমা দেন। আদালত চত্বরে দাঁড়িয়ে সে কথা সাংবাদিকদের উদ্দেশ্যেও বলেছিলেন সুদীপ্ত। সুদীপ্তর সেই চিঠি নিয়ে শুভেন্দুকে খোঁচা দেন অভিষেক কুণাল। কিন্তু এইসব অভিযোগকে সাজানো বলেও দাবি করেন শুভেন্দু।

কিন্তু এবার শুভেন্দু সুজনের হাতে নয়া অস্ত্র দেবযানীর মায়ের চিঠি।
দেবযানী এখন রয়েছেন দমদম জেলে। দেবযানীর মা অভিযোগ করেছেন, গত ২৩ আগস্ট দমদম জেলে দেবযানীকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডির এক অফিসার। শুরুতে দু’ একটা প্রশ্ন করার পর অফিসার দেবযানীকে নাকি বলেন, শুভেন্দু সুজনকে কোটি টাকা দিয়েছিলেন বলে সুদীপ্ত সেন জানিয়েছেন। দেবযানীকে বলতে হবে যে তার সামনে হয়েছে। শর্বরী দেবীর অভিযোগ, দেবযানীকে রাজসাক্ষী করার টোপ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে বয়ান না দিলে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা করা হবে। কিন্তু তাতে রাজি হয়নি দেবযানী।

সিআইডি শর্বরীর এই অভিযোগ অস্বীকার করেছে। রাজ্য গোয়েন্দা বিভাগ সূত্রে দাবি করা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। ভবানী ভবন থেকে প্রেস বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে অসত্য কথা বলা হচ্ছে তাদের সম্পর্কে। দেবযানীকে নিয়ে শুভেন্দু সুজনের নাম বলানোর যে অভিযোগ তোলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।

তবে শর্বরীর চিঠি বিতর্ক শুরু হয়ে গেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তি বলেন, প্রায় আট বছর ধরে দেবযানী জেলে রয়েছে। সিআইডি এখন গেছে জেরা করতে। ওরা যা পারে বলিয়ে নিক। আমরা ভয় পাই না। কারণে এসব ভিত্তিহীন কথা। কোনো প্রমাণ করা যাবে না। কথা দিচ্ছি এইসব চক্রান্তের ভয়ে আমরা হাসপাতালে গিয়েও ভর্তি হব না।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে ওই চিঠি তুলে ধরে লিখেছেন। সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দারোয়ানে পরিণত হয়েছে। জানা গেছে, ওই চিঠি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতির কাছে শুভেন্দুর আইনজীবীরা পিটিশন দাখিল করেছেন। আর্জি জানিয়েছেন দেবযানীর মা যে অভিযোগ করেছে, সিবিআই সেটা খতিয়ে দেখুক। কারণ আদালতের পর্যবেক্ষণে সারদা সহ বাংলার সমস্ত চিটফান্ড মামলার তদন্ত করছে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *