প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল! উত্তর দিনাজপুর জেলা পরিষদের একটি আসনে বিজেপির তিনজনের মনোনয়ন ঘিরে ব্যাপক শোরগোল

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ জুন: এবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের একটি আসনের টিকিট নিয়ে প্রকাশ্য এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। কালিয়াগঞ্জের ২৩ নম্বর আসনে একই সাথে বিজেপির হয়ে মনোনয়ন দাখিল করেছেন তিনজন। নরেশ মালাকার, কার্তিক পাহান এবং ভূপাল রায়। একই আসনে এই তিনজনের মনোনয়ন ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে জেলার বিজেপি শিবিরে। দলের নিচু তলার কর্মীদের মধ্যেও ক্ষোভ রয়েছে। নরেশ ও কার্তিক বাবুদের দাবি, ভূপাল রায় বর্তমানে তৃণমূলেই রয়েছেন। তাই তাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

এবিষয় নিয়ে রবিবার নরেশ মালাকার ও কার্তিক পাহান রায়গঞ্জে অবস্থিত বিজেপির জেলা পার্টি অফিসে আসেন। দলের জেলা সভাপতি বাসুদেব সরকারের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন তারা। তাদের বক্তব্য, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ভূপাল রায়কে টিকিট দেওয়া যুক্তিযুক্ত হবে না। কেননা ভোটের পর তিনি জিতলে তৃণমূলকেই সমর্থন করবেন বলে মনে করছেন এই দু’জন। তাই সঠিক প্রার্থী দেওয়ার দাবিতে সরব হয়েছেন নরেশ মালাকার, কার্তিক পাহান সহ তাদের অনুগামীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *