স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ এপ্রিল: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার প্রতিটি ওয়ার্ডে থাকবে বিজেপির টিকিটে জিতে এসে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর একজন করে প্রতিনিধি। শুক্রবার রাতে নিজের প্যাডে এমনই একটি তালিকা তৈরি করে প্রকাশ করে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস ও তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দ্বন্দ্ব এবার চলে এল প্রকাশ্যে। আশ্চর্যের বিষয় এই যে, ইতিমধ্যেই রায়গঞ্জ শহরের ২৭টি ওয়ার্ডেই একজন করে ওয়ার্ড কো-অর্ডিনেটর রয়েছেন। পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষে প্রাক্তন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসকেই পুর প্রশাসকের দায়িত্ব দিয়েছে রাজ্য পুর দপ্তর। তার ওপর প্রত্যেকটা ওয়ার্ডে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর প্রতিনিধি। যদিও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সাফাই, মানুষকে আরও ভালো পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত।

যদিও এই প্রসঙ্গে রায়গঞ্জের উপ পুর প্রশাসক অরিন্দম সরকার বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় ছাড়া কেউ এমন পদ সৃষ্টি করতে পারে না। দল থেকে এমন কোনো নির্দেশ পাঠায়নি। বিধায়কের অভিজ্ঞতা কম। তিনি সদ্য ২০২১ সাল থেকে রাজনীতি করছেন। তাঁর কোম্পানী চালানোর অভিজ্ঞতা রয়েছে। কিন্তু দল চালানোর অভিজ্ঞতা কম। তাই এটাকে গুরুত্ব দিচ্ছি না।
অপরদিকে জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার নিজেরা নিজেদের ওপর ভরসা রাখতে পারছে না বলে কটাক্ষ করেন।

