আগামী সাত দিন ছ’ ঘণ্টা করে বন্ধ থাকবে রেলের অনলাইন রিজার্ভেশন

রাজেন রায়, কলকাতা, ১৫ নভেম্বর: বহুদিন ধরে ট্রেন বন্ধ থাকায় বসে গিয়েছে ট্রেনের টিকিট বুকিং সফটওয়্যার সিস্টেম। আর সেই কারণেই আগামী সাত দিন ছ’ ঘণ্টা করে বন্ধ থাকবে রেলের অনলাইন রিজার্ভেশন পরিষেবা। কাজ চলবে পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের আপগ্রেডেশনের। ১৫ নভেম্বর থেকে আগামী সাতদিন রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত রেল রিজার্ভেশন সংক্রান্ত কোনও রকম অনলাইন পরিষেবা দেবে না। তবে দিনের বাকি সময় স্বাভাবিক পরিষেবাই পাবেন সাধারণ মানুষ।

প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা পিআরএসে প্রায়ই আপগ্রেডেশনের কাজ করতে হয়। সেই আপগ্রেডেশন বা আধুনিকীকরণের কাজ হবে ১৫ নভেম্বর থেকে। অফিস টাইমে এই কাজ করা সমস্যার। কারণ, বর্তমানে রেলের অধিকাংশ পরিষেবাই অনলাইনের মাধ্যমে হয়। টিকিট কাটা, তালিকা তৈরি করা, ওয়েটিং লিস্ট আপলোড করা সবটাই প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে হয়।

বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি বা অনলাইনে টিকিট কেটে দেয় যে সমস্ত সংস্থা তারাও এই প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমেই কাজ করে। রেল যে বিভিন্ন কাউন্টারে টিকিট দেয় তাও এই প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমেই করা হয়। ফলে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের আপগ্রেডেশন করতে গেলে এই সমস্ত পরিষেবাই স্তব্ধ হয়ে যাবে। তাই রাতের দিকেই এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *