আমাদের ভারত, দার্জিলিং, ৫ এপ্রিল: সেবক-রংপো রেল প্রকল্পের কাজে ফের মৃত্যু হল শ্রমিকের। আহত ১। মৃত শ্রমিকের নাম সাকিম হক(৪৭)। তার বাড়ি উত্তর দিনাজপুরে। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে লোহাপুল এলাকায়। এদিকে এই ঘটনায় বাকি শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়।
দার্জিলিং পুলিশের সহকারি পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ বলেন, “আহত অবস্থায় শ্রমিকটিকে রম্ভি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার চোখে, মুখে আর মাথায় চোট লেগেছিল।”
জানা গিয়েছে, সোমবার রাত ১ টা নাগাদ কাজ চলছিল লোহাপুল এলাকায় সেবক-রংপো রেল প্রকল্পের টানেলে। ওই সময় কাজ করছিলেন ৫ জন শ্রমিক। কাজ চলাকালীন আচমকাই ছাদ থেকে বড় বড় চাঙর ভেঙ্গে পড়ে। তখনই গুরুতর জখম হন সাকিম হক। তড়িঘড়ি তাকে রম্ভি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তবে এটাই প্রথম নয় এর আগেও একইভাবে তিনবার দুর্ঘটনা ঘটেছে। এদিনের ঘটনা নিয়ে মোট চার বার হল। আর মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত মোট ১০জন শ্রমিকের। তবে এই ঘটনার পরেই শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যদিও এপ্রসঙ্গে ইরকন কর্তা মহেন্দ্র সিং বলেন, “আমরা শ্রমিকদের যথেষ্ট খেয়াল রাখি। দুর্ঘটনা যে কোনও সময় হতেই পারে। কিন্তু আমরাও ব্যথিত শ্রমিকদের মৃত্যুতে। আর ওদের পরিবারকে শ্রম আইন মেনে ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। তবে আতঙ্কের কিছু নেই।”
প্রসঙ্গত, বাংলা- সিকিমকে রেলের মাধ্যমে জুড়তে সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় উত্তর-পূর্ব সীমান্ত রেল। কাজ শুরু করা হয় ২০২০ সালে। মোট ৪৪ কিলোমিটার রেল পথের মধ্যে ৪১ কিলোমিটার বাংলায় ও সাড়ে ৩ কিলোমিটার সিকিমের অধীনে রয়েছে। তবে বারবার এই ধরনের দুর্ঘটনায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন।

