সাথী দাস, পুরুলিয়া, ৮ মার্চ: বৈধ খাদানে হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম তরুণ নারায়ণ দেব। তার বাড়ি বরাবাজার থানা এলাকায়।
অভিযোগ, গত শুক্রবার রাত ৯ থেকে ৯.৩০টার মধ্যে বরাবাজার থানার লটপদা অঞ্চলে ধারগ্রাম এলাকায় ‘সুকৃতি পেবলস’ নামে একটি বৈধ খাদানে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। সেখানে অফিসের তালা ভাঙ্গার চেষ্টা করে। পাশে থাকা একটি গাড়ি ভাঙ্গচুর করা হয়। বেশ কয়েকজন কর্মীকে মারধর করে দুষ্কৃতীরা। সংস্থার ইঞ্জিনিয়ার দীপঙ্কর চট্টরাজকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে পুরুলিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেই ঘটনায় ‘সুকৃতি পেবলস’এর মালিক গৌরাঙ্গ মহাপাত্র লিখিত অভিযোগ দায়ের করেন বরাবাজার থানায়। ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তরুণকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে পুলিশ হেফাজত হয় তার।

