পাহাড়ে ট্রেকিংয়ে গিয়ে প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার এক পর্যটকের, আহত নদিয়ার ২

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ সেপ্টেম্বর: পাহাড়ে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের, আহত হলেন আরো দু’জন। গত শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে খিমলোগা হিমবাহ এলাকায়। মৃত সুজয় দলুই’য়ের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার আমতলা এলাকায়। আহত দু’জনের বাড়ি নদিয়ার চাকদহ থানার দু’নম্বর দুর্গানগর এলাকায়। আহতরা হলেন, নরোত্তম গায়েন এবং সুব্রত বিশ্বাস সম্পর্কে তারা মামা ও ভাগ্নে।

পরিবার সূত্রে খবর, গত ২৪ আগস্ট চাকদহের বাড়ি থেকে রওনা দিয়েছিলেন নরোত্তম বাবু ও সুব্রত। সুব্রত পেশায় ব্যাঙ্কের কর্মী, নরোত্তম পেশায় ব্যবসায়ী। প্রতিবছর ট্রেকিংয়ের উদ্দেশ্যে তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। গত ২৭ তারিখ উত্তর কাশির নিওয়ারি গ্রাম থেকে হাঁটা শুরু করেন তারা, তারপর দোসরা সেপ্টেম্বর নামার সময় দড়ি ছিঁড়ে দুর্ঘটনাটি ঘটে। তাদের দলে ছিলেন মোট ছ’জন, তিনজন পর্বতারোহী, অন্য তিনজন তাদের সহকর্মী। বরফে ফাটল থাকায় পা হড়কে যায় সুজয় দলুইয়ের। দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সুজয়। ঠিক তারই পিছনে ছিলেন নরোত্তম গায়েন ও সুব্রত। পড়ে গিয়ে মারাত্মক জখম হন সুব্রত। শেষমেষ নরোত্তম বিশ্বাস নীচে নেমে আসে। সুব্রত এখনো নামতে পারেনি। তাকে নামানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে। তবে সুব্রত কিছুটা হলেও নিরাপদে রয়েছেন।

এদিকে ঘরের ছেলে না ফেরায় উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের সকলে। নরোত্তম ও সুব্রতকে ফিরিয়ে আনতে পরিবারের লোকেরা গতকালকই রওনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *