প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ সেপ্টেম্বর: জমা জল প্রাণ কাড়ল এক ছাত্রের। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত পকামনা হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র হীরালাল রায়। মঙ্গলবার দুপুরে হীরালাল তার দিদিকে পড়তে দিয়ে মোহনপুর উত্তরপাড়া দিয়ে বাড়ি ফিরছিল, আর কাল থেকে একটানা বৃষ্টির কারণে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল জমেছিল। আর সেই রাস্তাতেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল জমা জলের উপর। রাস্তায় জমা জলে পা পড়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ঠ হয় ওই ছাত্র। বেশ কিছুক্ষণ সেখানে পড়ে থাকে ছাত্রটি। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে ঘটনাস্থলে আসেন টিটাগড় থানার পুলিশ এবং বিদ্যুৎ কর্মীরা। পুলিশ ছাত্রটিকে উদ্ধার করে বিএন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এদিন ওই এলায়ার বাসিন্দারা জানান, “দীর্ঘ ১৬ বছর ধরে মোহনপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায়। এই জল নামতে অনেক সময় লাগে। তাই আজ এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল।”

মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সেই সঙ্গে তিনি এলাকার সমস্ত বিদ্যুতের তারগুলিকে কভার কেবল করার জন্য বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলবেন বলে জানান। তিনি আরও বলেন, “আমরা জানতাম না যে জল জমে রয়েছে ওই এলাকায়। জানলে জল বের করে দেওয়ার দ্রুত ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু আমাদের কাছে এই খবর ছিল না। তবে এই ঘটনা খুবই দুঃখজনক। ছেলেটির বাড়ির লোক অত্যন্ত গরিব। আমাদের পক্ষে যতটা সম্ভব হবে আমরা সেটাই করার চেষ্টা করবো।”

