আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি:
নারায়ণগড়ে কারখানার সামনে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দীর্ঘক্ষণ পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালো এলাকার কয়েকজন যুবক।

জানাগেছে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার কাঁটাইখাল এলাকার সুপ্রিম কারখানার মূল গেটের ঢিল ছোড়া দূরত্বে জাতীয় সড়কের ওপর দীর্ঘক্ষণ আহত অবস্থায় পড়েছিল মধ্যবয়স্ক এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। মাথা ফেটে তার শরীরের বিভিন্ন অংশে রক্তের দাগ লেগেছিল। ফুলে গিয়েছিল চোখ মুখ। ডাকাডাকি করলে মুখে শব্দ করতে না পারলেও মৃদুভাবে হাত নাড়ছিল সে। এই অবস্থায় দীর্ঘক্ষণ ওই ব্যক্তি পড়ে থাকলেও প্রথমে আইনি জটিলতার ভয়ে এগিয়ে আসেনি কেউ। এলাকাবাসীরা অনেকেই এই অবস্থা দীর্ঘক্ষণ লক্ষ্য করেছেন। অবশেষে সাহায্যের জন্য এগিয়ে আসেন কিছু সহৃদয় যুবক। তারাই তাকে ডাকাডাকি করে এবং চোখেমুখে জল দিয়ে সম্বিৎ ফেরানোর চেষ্টা করেন। খবর যায় নারায়ণগড় থানায়। নারায়ণগড় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খবর দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। দুপুর নাগাদ জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি অ্যাম্বুলেন্স এসে ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় খড়্গপুর গ্রামীণ হাসপাতলে।
এলাকাবাসীদের বক্তব্য, সম্ভবত কোনো দুর্ঘটনার কারণে এই অবস্থা হতে পারে ওই ব্যক্তির।

