আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৮ আগস্ট: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকার পরিবারের লোকেদের হাতে খুন হতে হল এক ব্যক্তিকে। নিহতের নাম আজিজুল হক মণ্ডল(৫০)। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার রামনগর থানার পশ্চিম দুর্গাপুর এলাকায়। শনিবার সকালে এলাকা থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় আজিজুলের। রামনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পেশায় মার্চেন্ট নেভি আজিজুল। কর্মসূত্রে গুজরাটে থাকতেন তিনি। কয়েকদিন আগে সরিষাতে নিজের ভাড়া বাড়িতে ফিরেছিলেন। শুক্রবার সেখান থেকে নুরপুরে দেশের বাড়িতে যান তিনি। এর পরেই পরিবারের লোকজন জানতে পারে আজিজুল খুন হয়েছে। পরে ডায়মন্ড হারবার মর্গে গিয়ে পরিবারের লোকজন দেহ শনাক্ত করেন। মৃতের পরিবারের অভিযোগ, জমি ও টাকার জন্য আজিজুল হক মন্ডলকে খুন করেছে সালাম মল্লিক।
অবশ্য পুলিশের প্রাথমিক অনুমান পশ্চিম দুর্গাপুরের এক মহিলার সাথে দীর্ঘদিন বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আজিজুল। তাদের এই সম্পর্ককে মেনে নিতে পারেননি মহিলার পরিবারের লোকজন। ওই মহিলার স্বামী কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। শুক্রবার রাতে আজিজুল হক মন্ডল পশ্চিম দুর্গাপুরের ওই মহিলার বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে বেধড়ক মারধর করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনার তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

