অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ জুন:
শনিবার দুপুর নাগাদ মাঠে চাষের কাজ করতে যাওয়ার সময় হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পরমেশ্বর মাহাতো, বয়স ৫০ বছর। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কুলডিহা গ্রামে।

জানা গেছে, শনিবার সকাল থেকে ওই এলাকায় হাতির দল তাণ্ডব চালাচ্ছে। কয়েকটি বাড়ি ভাঙ্গচুর করেছে হাতির দল। ঠিক সেই সময় হাতির হামলায় পরমেশ্বর বাবুর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে জামবনি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে গ্রামবাসীরা হাতির হামলায় একের পর এক মানুষের মৃত্যু ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, হাতির দলকে দ্রুত এলাকা থেকে সরাতে হবে। তবে উত্তেজিত গ্রামবাসীদের পুলিশ শান্ত করার চেষ্টা করছে।

