অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ আগস্ট: পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না। বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন চারজন জন। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বালিশিরা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম দেবকুমার মুদি(৩০)। বাড়ি ঝাড়গ্রামের কেচন্দা গ্রামে। তিনি কেচন্দা বুথের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বালিশিরা গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে দেবকুমার সহ আরও পাঁচজন একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। প্রচন্ড শব্দে বাজ পড়লে গুরুতর জখম হয় দেবকুমার। বাকিরাও কম বেশি আহত হয়। দেবকুমারকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহত চারজনের ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে।

