স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ এপ্রিল: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটিখুন্তি গ্রাম। সোমবার দুপুরে আগডিমটি খুন্তি অঞ্চলের বানিয়াভিটা গ্রামে তফিজুল হক নামে এক ব্যক্তির বাড়িতে বোমা ফাটার শব্দে এলাকা কেঁপে উঠে। বোমার আওয়াজে এলাকার মানুষ সেখানে ছুটে যায়। তফিজুল হকের আঘাত গুরুতর থাকায় দ্রুত তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আহত তফিজুল হকের আত্মীয় নৌশাদ আলী জানিয়েছেন, তফিজুল হক ফাঁকা জায়গায় বাড়ি বানাচ্ছিল। বেলা ১২ টার নাগাদ দুষ্কৃতিরা আচমকাই তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। বোমা ফেটে তফিজুল হক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেন তাকে লক্ষ্য করে বোমা মারা হল তার কারণ জানাতে পারেননি। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছে।
যদিও স্থানীয়দের দাবি, বোমা বাঁধতে গিয়েই তোফিজুল হক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১২টি তাজা বোমা ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে ইসলামপুর থানার পুলিশ।

