স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ সেপ্টেম্বর:
রেলের আন্ডারপাসের জমা জলে পড়ে গিয়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপের ভান্ডার টিকুরি ও বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন এর মাঝে। ঘটনায় স্থানীয়দের রেল অবরোধ সকাল ছয়টা থেকে প্রায় তিন ঘন্টা।
নবদ্বীপের ভান্ডার টিকুরি ও বিষ্ণুপ্রিয়া হল্ট এর মাঝে রেলের একটি আন্ডারপাস রয়েছে, যেখান দিয়ে বর্ধমান এবং নবদ্বীপের বহু মানুষ যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলেই আন্ডারপাসে কোমর জল হয়ে যায়। গতকালের ভারী বৃষ্টি হওয়ার কারণে জল গলা পর্যন্ত জমে যায়। গতকাল সন্ধ্যায় নিতাই নগরের বাসিন্দা হরিপদ কর্মকার সাইকেল নিয়ে ওই আন্ডার পাস দিয়ে যাচ্ছিলেন। অনেকটা জল থাকায় তিনি বুঝতে পারেননি। ফলে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। আজ সকালে তার দেহ উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষ রেল অবরোধ করে।
স্থানীয় মানুষ থেকে শুরু করে বাবলারি পঞ্চায়েত প্রধানের দাবি, ওই আন্ডারপাসে জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় এই বিপত্তি। দুঃস্থ এই পরিবারটির ছোট্ট একটা সাইকেলের দোকান ছিল অস্থায়ী জায়গায়। পরিবারের একজনকে চাকরি এবং ওই আন্ডারপাসের জল নিকাশি ব্যবস্থা করার দাবি তুলে রেল অবরোধে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। এব্যাপারে রেল পুলিশ, নবদ্বীপ থানার পুলিশ এবং রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক চলছে।

