আমাদের ভারত, শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বর: এবার ডেঙ্গুর হানায় মৃত্যু হল এক ব্যক্তির৷ ঘটনায় একদিকে যেমন উদ্বেগে শহরবাসী। প্রশ্ন উঠছে পৌরনিগম, স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের ভূমিকা নিয়ে।
এদিকে মাত্র দুই সপ্তাহে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে শিলিগুড়ি পৌর এলাকায়। এখনও পর্যন্ত পরিস্থিতি ট্রিপল সেঞ্চুরি পার করেছে। এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩০৯ জন। গত চব্বিশ ঘন্টায় এক জনের মৃত্যুর পাশাপাশি ১৯ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
শিলিগুড়ি পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সঞ্জিত রায় (৪০)। তিনি পূর্ত দপ্তরের কর্মী ছিলেন। শিলিগুড়ি পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন। যদিও তার পরিবার ফুলবাড়ি ১নং নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে। পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে। বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। প্রথমে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। এরপর তার রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু এনএসওয়ান পজিটিভ আসে। মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়। ডেঙ্গুর পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন। এদিকে ওই আবাসনেই আটজন ডেঙ্গুতে আক্রান্ত রয়েছেন।

