আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ ফেব্রুয়ারি: সাতসকালে দুর্ঘটনায় মৃত্যু, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। ঘাতক গাড়িটি ভাঙ্গচুর করে এলাকাবাসীরা। ঘটনাটি অশোকনগর থানার কল্যাণগড় বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতব্যক্তি চন্দন দে (৬৫)। একটি ইটের লরি এলাকায় মাল খালি করতে এসেছিল। চালক লরিটি পিছনের দিকে নিয়ে যেতেই দুর্ঘটনার কবলে পড়েন চন্দন দে নামে ওই ব্যক্তি। তিনি পেছনের চাকায় পিষ্ট হয়ে যান।

ঘটনার পর রাস্তায় মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। তাদের অভিযো, রাস্তার দু’ধারে কিছু অসাধু ব্যবসায়ী ইমারতি দ্রব্য রাখার জন্য মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে মাঝে মাঝে। রাস্তার পাশের ইমারতি দ্রব্য রাখা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই বিক্ষোভ আন্দোলন চলবে এমনটাই দাবি স্থানীয়দের। অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে।


