মোটর বাইক নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার সময় ইটাহারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ মার্চ: মোটর বাইক নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে মারনাই এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার বিকেলে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই মোর পেট্রোল পাম্প এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ধারে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মালদার দিক থেকে রায়গঞ্জের দিকে যাওয়ার সময় মারনাই মোড় পেট্রোল পাম্পের সামনে কংক্রিটের ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে জাতীয় সড়কের ধারে ছিটকে পড়ে। ঘটনার জেরে মোটর বাইকটি দুমরে মুচরে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ইটাহার গ্রামীণ হাসপাতাল সহ মারনাই এলাকায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্থ মোটর বাইকটি ইটাহার থানায় নিয়ে যায় পুলিশ। মৃত ব্যক্তির ব্যাগে থাকা নথি থেকে জানা গেছে, মৃত মোটর বাইক আরোহীর নাম স্বপন কুমার বিশ্বাস(৬১)। তার বাড়ি নদিয়া জেলার চাকদা থানার পূর্ব বিষ্ণুপুর এলাকায়। তিনি বিএসএনএল অফিসের অবসর প্রাপ্ত সরকারি কর্মী। তার ঠিকানা জানতে পেরে বিষয়টি ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনকে জানালে তিনি চাঁকদার বিধায়কের সাথে যোগাযোগ করে মৃতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

পুলিশ সূত্রে আরো জানাযায়, মৃত স্বপন কুমার বিশ্বাস কলকাতা থেকে মোটর বাইক নিয়ে জলপাইগুড়ি মেয়ের বাড়ির উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা রায়গঞ্জ জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *