অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ অক্টোবর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বিভাস জানা, বয়স আনুমানিক ৫৫ বছর। বাড়ি সাঁকরাইল থানার রোহিনী গ্রাম পঞ্চায়েতের ভুরকুন্ডি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো এদিনও সবজি বিক্রি করে রোহিনী এলাকা থেকে বাড়ি ফেরার পথে কুলটিকরি থেকে রগড়া যাওয়ার রাস্তার মাঝে তার সাইকেলে পেছন থেকে ডাম্পার এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিভাস জানার। ঘটনার পরেই স্থানীয় মানুষজন মৃত দেহ নিয়ে বিক্ষোভ দেখায় ও পথ অবরোধ করে। চলে পুলিশের সাথে বচসা। ঘটনাস্থলে সাঁকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। স্থানীয়দের বুঝিয়ে পথ অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে। গাড়িটিকে স্থানীয় মানুষ আটক করে রেখেছে। তাদের দাবি, ডাম্পারের মালিক যতক্ষণ না পর্যন্ত ঘটনা স্থলে এসে ক্ষতিপূরণের ব্যবস্থা করছেন অবরোধ তারা চালিয়ে যাবেন।


