সবংয়ে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু 

আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে পথ দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। জানাগেছে, বড়দিনের সকালে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি সাইকেলে করে যাওয়ার সময় একটি জেসিবির সামনে পড়ে যান। জেসিবিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সবং থানা এলাকার তেমাথানি থেকে পটাশপুর যাওয়ার রাজ্য সড়কের ওপর নতুন পুকুরে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বৈরম সিং। তার বাড়ি বেলদা থানা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেমাথানি পটাশপুর রাজ্য সড়কটির ফোর লেন তৈরীর কাজ চলছে। সাইকেলে করে ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে সাইকেল থেকে পড়ে যান। ওই সময় রাস্তা তৈরিতে কর্মরত একটি জেসিবি এসে তার মাথা চেপে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *