গরুর গাড়িতে মারুতির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির, চাঞ্চল্য আরামবাগের ডিহিবায়ড়া এলাকায়

আমাদের ভারত, আরামবাগ, ২৬ ডিসেম্বর: মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে একটি গরুর গাড়িতে ধাক্কা মারায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় আহত আরও দুই। মৃত ব্যক্তির নাম সুভাষ দাস। বয়স ৪২। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার ডিহিবায়ড়া এলাকায়। পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে তিন ব্যক্তি মিলে একটি রাস্তার ধারের খালের মধ্যে মাছ ধরতে গিয়েছিল। এক ব্যক্তি খালে নেমেছিল। বাকি দুজন রাস্তার ধারে গরুর গাড়ির মধ্যে শুয়ে ছিল। সেই সময় একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে গরুর গাড়িতে। শুয়ে থাকা দুই ব্যক্তির মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় আর একজন গুরুতর আহত হয়।

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ থানার পুলিশ আরামবাগ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। বাকি একজনের চিকিৎসা চলছে আরামবাগ হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সূত্রপাত গতকাল। ২৫ ডিসেম্বর উপলক্ষ্যে আরামবাগের জয়রামপুর এলাকায় রিসোর্টে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে গভীর রাতে রিসোর্টের মালিকের গাড়ি নিয়ে চালক বাড়ি ফিরছিলেন। সেই সময়ই গাড়ির চালক মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গরুর গাড়িতে ধাক্কা মারে। আরামবাগ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি আটক করা হয় মারুটি গাড়িটি।

প্রত্যক্ষদর্শী তন্ময় দুলা বলেন, আমি খালে মাছ ধরছিলাম রাস্তার উপর রাখা জিনিসপত্র ও গাড়ি দেখতে এলে চোখের সামনে গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *