জগৎবল্লভপুরে নয়নজুলিতে বাস, মৃত এক যাত্রী, আহত ১৫

আমাদের ভারত, হাওড়া, ৬ জুলাই: চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রীবাহী মিনিবাস। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আমতা–হাওড়া রাস্তায় জগৎবল্লভপুরের সন্তোষপুরে। দুর্ঘটনায় বাসের এক যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত যাত্রীর নাম মহম্মদ আলি মিদ্যা (৪৬)। বাড়ি দক্ষিণ সন্তোষপুর এলাকায়। দুর্ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে পুরাশ–হাওড়া রুটের মিনিবাসটি ৪৫ জন যাত্রী নিয়ে হাওড়া অভিমুখে যাচ্ছিল। মিনিবাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল বলে অভিযোগ। প্রতক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী সকাল ৭ টা ৩০ মি নাগাদ সন্তোষপুরের কাছে বাসটির সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায়। দুর্ঘটনায় বাসের মধ্যে আটকে পড়ে যাত্রীরা। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা বাসের জানালা ভেঙ্গে যাত্রীদের উদ্ধার করে। পরে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বাসের মধ্যে আটকে থাকা অবস্থায় মহম্মদ আলি মিদ্যার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও খালাসী পলাতক। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *