ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণের শিকার দুই সেনা জওয়ানের একজনের বাড়ি নদিয়ায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ অক্টোবর: উত্তরপ্রদেশের ঝাঁসিতে অনুশীলন করার সময় ট্যাঙ্কে বিস্ফোরণের ফলে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজনের বাড়ি নদিয়ার পলাশিপাড়া থানার হাঁসপুকুরিয়ায়। মৃত ওই জওয়ানের নাম সুকান্ত মণ্ডল(২৩)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই জওয়ান দু’জন সহকর্মীর সাথে ট্যাঙ্কে ফায়ারিং- এর অনুশীলন করছিলেন। সেই সময় ট্যাঙ্কের গানে বিষ্ফোরণ হয়। একজন ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসতে পারলেও ওই যুবক সহ আরো এক জওয়ান বেরোতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ছুটিতে বাড়িতে এসেছিলেন পাশের গ্রামের বাসিন্দা সুকান্তের সহকর্মী সুমন্ত মণ্ডল। গতকাল রাতে তাঁর কাছেই প্রথমে সুকান্তের মৃত্যু সংবাদ আসে। এরপর তিনি সুকান্তের বাড়িতে খবর দেন। মৃত্যু সংবাদ পেয়ে শোকে ভেঙে পড়ে সুকান্তের পরিবার। ২০২০সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল সুকান্ত।

কাজে যোগ দেওয়ার পরে মাত্র দু’বার বাড়ি এসেছিলেন। আগামী১৩ই অক্টোবর ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল তাঁর। কিন্তু তার বদলে আগামীকাল তাঁর কফিন বন্দী মৃতদেহ ফিরবে বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *