ঝালদায় তপন কান্দু খুনে অন্যতম অভিযুক্ত সিবিআই হেফাজতে

সাথী দাস, পুরুলিয়া, ১৬ সেপ্টেম্বর: ঝালদায় তপন কান্দু হত্যা মামলায় সিবিআইয়ের হাতে বিহার থেকে গ্রেফতার হল আরও এক ব্যক্তি। ধৃতের নাম শশী ভূষণ সিং। তাকে বিহারের মুজফ্ফরপুর থেকে গ্রেফতার করেছে সিবিআই। সেখানে আদালত থেকে ট্রানজিট রিমান্ড নেয় সিবিআই। গত ১৩ মার্চ ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যার ঘটনায় সরাসরি যুক্ত ছিল ধৃত। সেদিন বিকেলে একটি বাইকে করে তিন দুষ্কৃতী এসে গুলি করে তপন কান্দুকে। এতেই মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সাত জনকে।

ঘটনার দিন যে তিন জন বাইকে করে এসেছিল তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হল কলেবর সিং এবং জাবির আনসারী। গত ৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় জাবিরকে। তাকেই জেরা করে হত্যার ষড়যন্ত্রে যুক্ত আরোও এক ব্যক্তির সন্ধান পায় সিবিআই। এই ব্যক্তিই শশীভূষণ সিং বলে মনে করা হচ্ছে। আজ ধৃত শশীভূষণকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক, বলে জানান সিবিআইয়ের আইনজীবী পঙ্কজ কুমার। এছাড়াও তিনি আরও বলেন, “ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *