জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকার মকরামপুরের অভিরামপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আজ সকালেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী অভীক দোলই। বোমার আঘাতে আহত হন আরও দু’ জন তৃণমূল কর্মী। দলের সমর্থকরা আহতদের প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। অভিক দোলইকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মকরামপুরে
বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত লক্ষীকান্ত সিট বিস্ফোরণের ঘটনার পর দল থেকে বহিষ্কৃত হন। পরে এই তৃণমূল নেতাকে আবার অঞ্চল সভাপতি দায়িত্ব দেওয়া হয়। এর পরেই তৃণমূলের অন্দরে কোন্দল জোরালো হয়ে ওঠে। তৃণমূল কর্মীদের একাংশ লক্ষীকান্ত সিটকে দলে মেনে নিতে পারেনি এবং তার ফলেই আজ এই হামলার ঘটনা ঘটনা ঘটে বলে আহতরা জানিয়েছেন।
তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগড়ের মোকরামপুর এলাকা। এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত লক্ষীকান্ত সিটের সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। আহত তৃণমূল কর্মী সীতারাম মুরমু জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই তৃণমূল কর্মী সমর্থক। লক্ষীকান্ত লক্ষ্মীকান্ত সিটের লোকজন মোটরসাইকেলে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং বোমাবাজি করে।
দলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, নারায়ণগড়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনা দলীয়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

