সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ মার্চ: দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। রাস্তায় বেরিয়ে আদৌ বাড়ি ফিরবে কিনা পরিবারের লোকজন আতঙ্কে থাকে। ফের বাসে চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ার মন্ডলপাড়া এলাকায়। মৃতের নাম দীবেন্দু বিশ্বাস। ক্ষোভে এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।

যাত্রীদের অভিযোগ, বাসের থেকে যাত্রী নামার আগেই বাস চালু করে দেয় চালক। দীবেন্দুর এক পা তখনও বাসের পাদানিতে। বাস ছাড়তেই সে রাস্তায় পড়ে যায়। চালক তাঁর বুকের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়। তাতেই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ, যশোর রোডের দুধারে প্রচুর প্রাচীন গাছ আছে। এর ফলে রাস্তার চওড়াও কম। তাঁর উপরে এই ডিএন ৪৪ রুটের বাস দ্রুত গতিতে চলে। চালক বা খালাসির তেমন কোনো নজর থাকে না আশপাশে। তাই প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এদিন বাধ্য হয়ে এর প্রতিবাদে হাতে লাঠি নিয়ে যশোর রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ এলে তাঁদের সঙ্গে বচসা শুরু হয় অবরোধকারীদের।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে হাবড়া বাজারে বাজার করতে গিয়েছিল ওই দম্পতি। হাবড়া বাজার থেকে ডিএন ৪৪ বাসে করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল দীবেন্দু। মণ্ডল পাড়ায় বাস থেকে নামতে গেলে বাস ঠিক করে দাঁড়ায় না। ফলে পড়ে গিয়ে বাসের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। অবরোধকারীদের দাবি, এই এলাকা দিয়ে খুব দ্রুত গতিতে চালায় ডিএন ৪৪ রুটের বাস। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে অবরোধের পথ বেছে নিয়েছি। অভিযুক্ত বাস চালক ও খালাসির শাস্তির দাবি করে ওই পরিবারের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন অবরোধকারীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।

