পশ্চিম মেদিনীপুরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তা দশ লক্ষ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মে: পশ্চিম মেদিনীপুরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেল।
বৃহস্পতিবার মেদিনীপুর প্রদ্যোত স্মৃতি ভবনে এক অনুষ্ঠানে জেলার নতুন ৭০০ জন মহিলার হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চেক তুলে দেওয়া হয়েছে। 

জেলা শাসক রশ্মি কোমল, পুলিশ সুপার দীনেশ কুমার সহ জেলা প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে মেদিনীপুর সদর ব্লকের পলাশীয়া গ্রামের সম্বরী সিং, ফুলমণি সিং, তেঁতুলমুড়ি গ্রামের পূর্ণিমা হাঁসদা, বেনাপুরের শঙ্করী দে সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের হাতে চেকগুলি তুলে দেওয়া হয়। চেক বিতরণের আগে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেশ করা বক্তব্য শোনানো হয়। দেখানো হয় সরকারের ১১ বছরের উন্নয়নের তথ্যচিত্র।

জেলা শাসক জানান, পশ্চিম মেদিনীপুর জেলায় এ পর্যন্ত ১০ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় এলেন। মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে জেলায় প্রচুর স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। স্কুলের পোশাক অন্যান্য সামগ্রী বানিয়ে বিক্রি করছেন তারা। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন রাজ্য সরকারের ১১ বছরের উন্নয়নের সাফল্য তুলে ধরতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *