অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ জুলাই:
হাতির হামলায় একজনের মৃত্যু হল। ঘটনাটি গোপীবল্লভপুর এক ব্লকের রম্ভা রাইবনি গ্রামে। মৃতের নাম লক্ষ্মণ হেমব্রম। বয়স আনুমানিক ৫৫ বছর।
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে গোপীবল্লভপুর এক ব্লকের রম্ভা রাইবনি গ্রামে রাতে আচমকা দুটি হাতি ঢুকে পড়ে। হাতি দুটি ওই গ্রামে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। সেই সময় লক্ষ্মণ হেমব্রম তার বাড়ির থেকে বাথরুম যাওয়ার জন্য বেরিয়েছিলেন। সেই সময় তিনি হাতির সামনে পড়ে যান। হাতি দুটি তাঁকে শুঁড় দিয়ে টেনে পা দিয়ে পিষে দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোপীবল্লভপুর থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা। এর পর গোপীবল্লভ পুর থানার পুলিশ লক্ষ্মণ হেমব্রমের রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে লক্ষ্মণ হেমব্রম এর মৃতদেহটির ময়নাতদন্ত হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছে। সেইসঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

