“কাশ্মীর ছাড়ো” হুমকির পোস্টারের পরেই জঙ্গিদের ‌গুলিতে নিহত এক কাশ্মীরি হিন্দু

আমাদের ভারত, ১৪ এপ্রিল:”হয় কাশ্মীর ছাড়ো না হয় মৃত্যুর জন্য তৈরি থাকো। কাশ্মীরি ছাড়া আর কারোর জন্য কাশ্মীর নয়”। সকালে এই পোস্টার পড়েছে আর বিকেলেই জঙ্গিদের নিশানায় এক কাশ্মীরি হিন্দু । বুধবার জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক হিন্দু ব্যক্তি।

আবারও উত্তপ্ত হতে শুরু করেছে ভূস্বর্গ। সেখানে একাধিক জেলায় কাশ্মীর ছাড়ার হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়েছে। উদ্বেগে রয়েছে স্থানীয় বাসিন্দারা। বুধবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সন্ত্রাসিরা সুরিন্দর সিং নামে এক ব্যাক্তির মাথায় গুলি করে। আহত সুরিন্দর সিং কে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। সুরিন্দর সিং কুলগামের কাকরনের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি সেখানে থাকেন।

হামলার ঘটনার পরে সতর্ক হয়ে যায় পুলি‌শ। ঘিরে রাখা হয় গোটা এলাকা। মঙ্গলবার কুলগাম জেলায় সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই ইসলাম পোস্টার দিয়েছিল। সেখানে অ-কাশ্মীরিদের ও পরিযায়ী শ্রমিকদের সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অবিলম্বে অ-কাশ্মীরিদের উপত্যকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। তা নাহলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে ৪ এপ্রিল জম্মু-কাশ্মীরের সোফিয়ানে সন্ত্রাসবাদীরা এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করেছিল। এছাড়াও জঙ্গিদের নিশানায় ছিল বেশকিছু পরিযায়ী শ্রমিক।

সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে কাশ্মীরি পণ্ডিতরা যদি ঘরে ফিরতে চায় তাহলে পুরোপুরি সহযোগিতা করবে। কিন্তু তার মধ্যেই এই ঘটনা উপত্যকায় নতুন করে আতঙ্ক তৈরি করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *