অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ জুন:
হাতি তাড়াতে গিয়ে গোপীবল্লভপুর ২ ব্লকের হিজলা গ্রামে হাতির হামলায় আহত এক যুবক। শুক্রবার ভোররাতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের পেটবিন্ধি অঞ্চলের হিজলা এলাকায় প্রায় চল্লিশটিরও বেশি হাতি ঢুকে পড়ে। হিজলা গ্রামে তাণ্ডব চালিয়ে ডুলুং নদী পেরিয়ে হাতির দল পাশের এলাকায় চলে যায়।
শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় ওই ৪০ টি হাতির মধ্যে দুটি হাতি ওই এলাকায় রয়েছে। সেই দুটি হাতিকে গ্রামবাসীরা তাড়া করে অন্যত্র পাঠানোর চেষ্টা করে। সেই সময় একটি হাতি গ্রামবাসীদের দিকে তেড়ে আসে। যার ফলে হাতি তাড়াতে গিয়ে শ্রীতনু সিংহ নামে এক যুবক হাতির সামনে পড়ে গেলে যুবককে পা দিয়ে একটি হাতি পিষে দেয়। গ্রামবাসীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে এখন তার চিকিৎসা চলছে।

