এই রাজ্যে! ১২ বছরেও মেলেনি শৌচালয়, প্রতিবেশির একশো টাকার ভাড়া পায়খানাতেই শৌচকর্ম বালুরঘাটের এক দরিদ্র পরিবারের

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ মার্চ: খাতা-কলমে বালুরঘাট শহর আজ নির্মল বাংলার অন্তর্ভুক্ত। সরকারী ভাবে ঘোষণাও সম্পন্ন হয়েছে। এদিকে মিশন নির্মল বাংলার সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রতিবেশীর শৌচালয় ভাড়া নিয়ে শৌচকর্ম করছেন এক মহিলা ও তার পরিবার। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী এলাকার ঘটনা। প্রতিমাসে শৌচকর্ম করতে ১০০ টাকা করে ভাড়াও গুনতে হচ্ছে হতদরিদ্র ওই পরিবারকে। এমন ঘটনায় রীতিমতো আলোড়ন পড়েছে গোটা বালুরঘাট শহরে।

জানা গেছে, শহরের নামাবঙ্গীর বাসিন্দা পেশায় দিনমজুর শ্রীপাল লাহা। স্ত্রী সুজাতা লাহা সহ এক কন্যা সন্তান এবং বৃদ্ধ বাবা মা–ও রয়েছে তাঁর সংসারে। দীর্ঘ ১২ বছর ধরে এলাকায় বসবাস করলেও পৌরসভা কর্তৃপক্ষ তাঁদের বাড়িতে মিশন নির্মল বাংলার শৌচালয় নির্মান করেনি বলে অভিযোগ। নিজেদের অসুবিধার কথা তুলে ধরে একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনও ফল হয়নি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে দীর্ঘ দিন ধরেই প্রতিবেশীর ভাড়া করা শৌচালয় ব্যবহার করছে অসহায় ওই পরিবার। মাসিক একশো টাকা চুক্তিতে প্রতিবেশীর ওই শৌচালয়টি ভাড়া নিয়েছেন শ্রীপাল লাহা নামে ওই বাসিন্দা বলে দাবি ওই পরিবারের।

এমন ঘটনাকে নিন্দনীয় বলে দাবি করেছেন বিজেপির টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন। তিনি বলেন, পুরসভা শুধুমাত্র স্বজন পোষণ করেই তাদের সময় কাটিয়েছে। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা তাদের চোখেই পড়েনি।

সুজাতা লাহার অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে বারবার আবেদন জানিয়েও পাননি একটি শৌচালয়। পুরসভা থেকে সার্ভের পরেও পাননি সেই সরকারি সুবিধা। প্রয়োজনের তাগিদে একপ্রকার বাধ্য হয়েই প্রতিবেশীর শৌচালয় মাসিক একশো টাকায় ভাড়া নিয়ে শৌচকর্ম করছেন।

পুরসভার মিশন নির্মল বাংলার আধিকারিক অনিন্দিতা ব্যানার্জি জানিয়েছেন, এমন ঘটনার খবর তাদের জানা নেই। বিষয়টি গুরুত্ব সহকারে খোঁজ নিয়ে দেখা হচ্ছে ।

তৃণমূলের জেলা কো’অর্ডিনেটর সুভাষ চাকী বলেন, এমন ঘটনা সঠিক নয়। ভোটের আগে এসব ছবি তুলে বিজেপি সস্তার প্রচার সারতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *